প্রযুক্তি দুনিয়ায় বিপ্লবী পরিবর্তন আনা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির জন্মদিন আজ। ২০২২ সালের ৩০ নভেম্বর যাত্রা শুরু করা চ্যাটজিপিটি মাত্র দুই মাসের মধ্যে ১০ কোটি মানুষের কাছে পৌঁছে যায়। বর্তমানে বয়স ও পেশা নির্বিশেষে বহু মানুষ নিয়মিতভাবে এটি ব্যবহার করছেন, ফলে তিন বছরের মধ্যে চ্যাটজিপিটি অর্জন করেছে ৮০ কোটির বেশি সক্রিয় সাপ্তাহিক ব্যবহারকারীর মাইলফলক।
ওপেনএআই নির্মিত চ্যাটজিপিটি বাজারে আসার পর প্রযুক্তি, সমাজ ও অর্থনীতিতে নতুন যুগের সূচনা হয়। এটি শুধুমাত্র একটি চ্যাটবট নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তাকে সাধারণ মানুষের নাগালে আনার এক যুগান্তকারী প্রযুক্তি। বিভিন্ন প্রতিষ্ঠান নিজস্ব এআই চ্যাটবট বাজারে আনার পরও চ্যাটজিপিটি জনপ্রিয়তার দিক থেকে শীর্ষে রয়েছে।
চ্যাটজিপিটির ভিত্তি হলো বিশাল তথ্যভান্ডারসমৃদ্ধ জিপিটি কাঠামো, যা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) প্রযুক্তিতে তৈরি। এটি স্বাভাবিক ভাষায় মানুষের মতো কথোপকথন চালানোর পাশাপাশি কোড লেখা, জটিল প্রশ্নের উত্তর দেওয়া এবং সৃজনশীল লেখা তৈরির সক্ষমতা রাখে। দৈনন্দিন কাজে ব্যবহারের কারণে চ্যাটজিপিটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েবসাইটগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে।
চ্যাটজিপিটি যেকোনো বার্তার দ্রুত ও নির্ভুল উত্তর দিতে সক্ষম। এটি নিজেই বার্তা, নিবন্ধ কিংবা কবিতা রচনা করতে পারে। নির্ভুল ভাষা ও শব্দচয়নের কারণে এর লেখা অনেক সময় মানুষের লেখার মতোই মনে হয়। শিক্ষার্থীদের জন্য ভার্চ্যুয়াল শিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি সৃজনশীল কনটেন্ট তৈরি ও দ্রুত তথ্য বিশ্লেষণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মানবকল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্দেশ্য নিয়ে ২০১৫ সালের ৮ ডিসেম্বর যাত্রা শুরু করে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ১১ জন উদ্যোক্তার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংস্থার মধ্যে ছিলেন গ্রেগ ব্রকম্যান (বর্তমান প্রেসিডেন্ট), স্যাম অল্টম্যান (বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা) এবং ইলন মাস্ক (পেপাল, টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা)। পরে ইলন মাস্ক প্রতিষ্ঠান থেকে সরে গেলেও অল্টম্যান থাকেন, যার নেতৃত্বেই চ্যাটজিপিটির আবির্ভাব ঘটে।
সান ফ্রান্সিসকো ভিত্তিক ওপেনএআই শুরুতে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করলেও, গত অক্টোবর প্রতিষ্ঠানটির বাজারমূল্য নির্ধারণ করা হয় ৫০০ বিলিয়ন ডলার। ওপেনএআইয়ের ২৭ শতাংশ শেয়ার রয়েছে মাইক্রোসফটের হাতে, যার বাজারমূল্য প্রায় ১৩৫ বিলিয়ন ডলার।
খবরওয়ালা/এসএস



