যশোর সদরের বাউলিয়া বাজার এলাকায় বিশেষ অভিযানে স্বর্ণের বারসহ ইমরান হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকানো ছিল প্রায় ৭০ লাখ টাকার স্বর্ণ।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে একটি টহল দল বাউলিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ইমরানকে আটক করা হয় এবং তার প্যান্টের ভেতর থেকে উদ্ধার করা হয় স্বর্ণের বার। জব্দ স্বর্ণের ওজন ৩৮৪.৩৮ গ্রাম, যার বাজারমূল্য ৬৯ লাখ ৩৯ হাজার ২১২ টাকা।
আটকের পর ইমরান হোসেন জানান, তিনি ঢাকার মালিবাগ এলাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর ও সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করতে যাচ্ছিলেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মামলার পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
ইমরান হোসেন সাতক্ষীরা সদরের সরকারপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।
খবরওয়ালা/এসএস



