সম্পত্তি বিরোধে বাবার মরদেহ ২৩ ঘণ্টা বাড়ির বাইরে আটকে রাখলো ছেলে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবার মরদেহ ২৩ ঘণ্টা গ্রহণ না করার ঘটনা ঘটেছে। চার মেয়ে ও একমাত্র ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে চলছিল সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব। এ কারণে বাবা তসলিম উদ্দীন (৭০) ছেলের বাড়িতে ঠাঁই না পেয়ে মেয়ের বাড়িতেই থাকতেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন।

গত রবিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। পরে মরদেহ নিজ বাড়িতে দাফনের জন্য নিয়ে গেলে ছেলে মহসিন আলী তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। ছেলে অনুমতি না দেওয়ায় আত্মীয়রা কবর খুঁড়তে না পেরে মরদেহ রাখেন তার ভাইয়ের বাড়ির বারান্দায়।

স্থানীয়রা জানান, তসলিম উদ্দীন তার সম্পত্তি মেয়েদের নামে লিখে দেওয়ায় ছেলে মহসিন বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তিনি বাবার মৃত্যুকে সন্দেহজনক দাবি করে থানায় লিখিত অভিযোগও দেন। এরপর দাফন নিয়ে জটিলতা শুরু হয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় মরদেহ নেওয়া হয় ছেলের বাড়িতে।

মহসিন আলী বলেন, বোনের বাড়িতে বাবার মৃত্যু হওয়ায় সন্দেহ হয়েছিল, তাই অভিযোগ করেছি। তবে এখন সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।

দুওসুও ইউনিয়নের ইউপি সদস্য হবিবুর রহমান জানান, জমি ভাগ নিয়ে ছেলের আপত্তির কারণেই লাশ আটকে রাখা হয়েছিল। পরে মীমাংসা শেষে দুপুরে কবর খোঁড়ার অনুমতি দেওয়া হয় এবং বিকেল ৪টায় দাফন সম্পন্ন হয়।

বালিয়াডাঙ্গী থানার ওসি দুরুল হুদা বলেন, এটি পারিবারিক বিষয় ছিল। ছেলের আগের অভিযোগ থাকলেও পরে সন্দেহ দূর হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়।

 

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।