খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
স্বাধীন বাংলাদেশের মহান বিজয়ের মাসের প্রথম দিনে রাজধানীতে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্জ্বালনের আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ যুব ইউনিয়ন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে থেকে মিছিল শুরু হয়ে শিখা চিরন্তনে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত বিভিন্ন গণসঙ্গীত পরিবেশন করেন এবং নানান শ্লোগান দেন। পরে সকলকে শপথবাক্য পাঠ করানো হয়।
শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল-এ-এলাহী মশগুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাবেক সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু। সমাবেশ সঞ্চালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রাম ও লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। তবে মহান বিজয়ের ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চক্রান্ত চলছেই। বক্তারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন।
খবরওয়ালা/এসএস