খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
অস্ট্রিয়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানি পাইপার (৩১) হত্যার ঘটনায় তার সাবেক প্রেমিককে পুলিশ গ্রেফতার করেছে। অস্ট্রিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, পাইপারের মরদেহ হত্যার পর একটি স্যুটকেসে ভরে স্লোভেনিয়ার জঙ্গলে পুঁতে রাখা হয়েছিল।
স্টাইরিয়ান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর রাতে পার্টি থেকে বাসায় ফেরার পর পাইপার নিখোঁজ হন। ওই রাতে তিনি এক বন্ধুকে জানিয়েছিলেন, ‘নিরাপদে বাড়ি পৌঁছাব।’ কিছুক্ষণ পর একটি বার্তায় তিনি লিখেছিলেন, ‘সিঁড়িঘরে কেউ লুকিয়ে আছে।’
স্থানীয় গণমাধ্যমে পাইপারের প্রতিবেশীরা জানিয়েছেন, হত্যার রাতে তারা কথা কাটাকাটির শব্দ শুনেছেন এবং ভবনে পাইপারের সাবেক প্রেমিককে দেখেছেন বলে ধারণা করছেন। পরদিন আত্মীয়-স্বজন ও সহকর্মীরা তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় নিখোঁজ ডায়েরি করা হয়।
পুলিশ জানায়, পাইপারকে হত্যার অভিযোগে তার সাবেক প্রেমিককে স্লোভেনিয়ায় গ্রেফতার করা হয়েছে। তাকে একটি ক্যাসিনোর পার্কিং লটে নিজের জ্বলন্ত গাড়ির কাছে পাওয়া যায়। তদন্তে জানা যায়, তিনি একাধিকবার গাড়ি নিয়ে স্লোভেনিয়ায় যাতায়াত করেছেন।
অস্ট্রিয়ার ক্রোনেন জাইতুংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রিয়ায় ফেরত আনার পর জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ড স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, শ্বাসরোধে পাইপারকে হত্যা করে মরদেহ স্যুটকেসে ভরে জঙ্গলে পুঁতে রাখেন। পরে নিজেই পুলিশকে মরদেহের অবস্থান দেখান।
স্টাইরিয়ান স্টেট পুলিশ আরও জানিয়েছে, হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে অভিযুক্তের দুইজন পুরুষ আত্মীয়কেও গ্রেফতার করা হয়েছে।
পাইপার একজন সৌন্দর্য বিষয়ক ইনফ্লুয়েন্সার ছিলেন। তিনি মেকআপ, ফ্যাশন ও গান সম্পর্কিত কনটেন্টের জন্য পরিচিত ছিলেন।
খবরওয়ালা /এসএস