খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ক্রান্তীয় ঝড়ের সঙ্গে হওয়া ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এই দুর্যোগকে ২০০৪ সালের ভয়াবহ সুনামির পর দ্বীপটিতে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রয়টার্স জানায়, দেশটিতে নির্বিচার বন উজাড়কেই অনেকেই এই ব্যাপক দুর্যোগের জন্য দায়ী করছেন। সুমাত্রার স্থানীয় বাসিন্দা রেলিওয়াতি সিরেগার তার বাড়ির আশপাশে বন উজাড়ের কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল তাপানুলিতে নিজের বাড়ির কাছেই একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে তিনি বলেন, ‘দুষ্ট হাতগুলো গাছ কেটে নিয়েছে। তারা বনের কোনও বিষয়কে গুরুত্ব দেয় না। আর এখন আমরা তার মূল্য দিচ্ছি।’
সরকারি তথ্যে দেখা গেছে, সুমাত্রায় এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের মধ্যে চার ভাগের এক ভাগই তাপানুলির। সিরেগার জানান, ভূমিধসে অনেক বাড়িঘর চাপা পড়েছে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে বন্যার স্রোতে বহু গাছের গুড়ি ভেসে উপকূলের দিকে যেতে দেখা গেছে।
৬২ বছর বয়সী এই ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বৃষ্টিতে বন্যা হয়েছে ঠিকই, কিন্তু বৃষ্টির কারণে এতো পরিমাণ কাঠ ভেসে যাওয়ার কথা নয়। বৃষ্টির ফোঁটার চাপে গাছ উপড়ে পড়ে না।’
সূত্র: রয়টার্স
খবরওয়ালা /এসএস