খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে ভারতে আসছেন। তার আগেই রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট প্রদান করতে পারবে, অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে সক্ষম হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পুতিন বৃহস্পতিবার দিল্লি পৌঁছান। এই সফরে সামরিক, বাণিজ্য ও খনিজ তেলের বিষয়ে আলোচনা হতে পারে।
এই ‘রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট’ বা ‘রেলোস’ চুক্তি মূলত এক দেশ অপর দেশে সামরিক বাহিনীর সদস্য, সরঞ্জাম, যুদ্ধ জাহাজ ও সামরিক বিমান পাঠানো এবং সেখানকার সামরিক পরিকাঠামো ব্যবহার করার প্রক্রিয়া নির্ধারণ করে। যৌথ মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা ও ত্রাণ ও উদ্ধার কার্যক্রমেও এই চুক্তি অনুযায়ী একে অপরকে সমর্থন প্রদান করবে।
রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরেভ এএনআইকে জানিয়েছেন, ভারত ও রাশিয়ার সামরিক সহযোগিতা একটি কৌশল এবং এর পরবর্তী ধাপে কারিগরি ও শিল্প উৎপাদনের ক্ষেত্রে গভীর সহযোগিতা করবে। তিনি বলেন, ভারতের মোট সামরিক সরঞ্জামের মধ্যে ৩০ শতাংশেরও বেশি মস্কো দিয়ে সরবরাহ করে আসছে এবং এটি দীর্ঘদিন ধরে চলছে।
রয়টার্স জানায়, দিল্লি সফরে সুখোই-ফিফটি সেভেন যুদ্ধবিমানের বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া কিছু নতুন এস-ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্রাহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্নততর ভ্যারিয়েন্ট কেনা নিয়েও আলোচনা হতে পারে।
রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভের মতে, ভারত কতটা এগিয়ে আসবে, তার উপর নির্ভর করছে রাশিয়া কতটা সহযোগিতা বাড়াবে। তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও সামরিক সম্পর্ককে তৃতীয় দেশের প্রভাবমুক্ত রাখতে হবে।
খবরওয়ালা /এজে