বাম জোটের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত বহু

বিদেশি কোম্পানির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী লালদিয়া–পানগাঁও টার্মিনাল ইজারা চুক্তি বাতিল এবং নিউমুরিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়।

আজ বৃহস্পতিবার দুপুরে মিছিলটি রাজধানীর কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাঠিপেটা করলে কয়েকজন বিক্ষোভকারী আহত হন।

আহতদের মধ্যে ১২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। তাঁরা হলেন কাজী রুহুল আমিন, জহুর লাল রায়, অন্ত অবিন্দম, ইমতিয়াজ আহমেদ রাফিন, রাসেল আহমেদ, শোয়েইব আহমেদ আসিফ, সীমা দত্ত, শাহিনুর আক্তার সুমি, ফাহিম আহমেদ চৌধুরী, স্বাকাই ইসলাম, রাকিব আহমেদ ও প্রিজম ফকির।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং তাঁদের কেউ গুরুতর নন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্টের উদ্যোগে আজ সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়।

সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল শুরু হয়। পল্টন হয়ে দুপুর ১২টা ২০ মিনিটে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয় এবং পরে লাঠিপেটা করে।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সমাবেশ ও মিছিল নিষিদ্ধ। বিষয়টি নিয়ে সংগঠনের সঙ্গে বারবার আলোচনা হয়েছে। তবুও তাঁরা যমুনার দিকে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দেয়। ধাক্কাধাক্কি হয়েছে, তবে এটিকে লাঠিপেটা বলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ জানান, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি, সিপিবি নেতা রুহুল আমিনসহ কয়েকজন আহত হন।

পরে বিক্ষোভকারীরা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

বেলা ১টা ১০ মিনিটে ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা কাকরাইল মোড় ত্যাগ করেন এবং পরে প্রেসক্লাবে গিয়ে কর্মসূচি শেষ করেন।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।