খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
১৯৬৯ সালের ৫ ডিসেম্বর, রেসকোর্স ময়দানে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের এক স্মরণসভায় একটি শব্দ উচ্চারিত হয়—একটি স্বপ্নের নাম, একটি জাতির আত্মপরিচয়ের নাম—বাংলাদেশ।
সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের পক্ষ থেকে ঘোষণা করেন, পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ আর “পূর্ব পাকিস্তান” নামে পরিচিত থাকবে না; আজ থেকে তার নাম হবে—বাংলাদেশ। এই ঘোষণার উল্লেখ তাঁর অমূল্য গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’–তেও রয়েছে।
তিনি গভীর ব্যথা ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেছিলেন—
“এক সময় এদেশের বুক থেকে, মানচিত্রের পৃষ্ঠা থেকে ‘বাংলা’ কথাটির সর্বশেষ চিহ্নটুকু চিরতরে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। একমাত্র ‘বঙ্গোপসাগর’ ছাড়া আর কোথাও ‘বাংলা’ শব্দটির অস্তিত্বই টিকিয়ে রাখা হয়নি। জনগণের পক্ষ থেকে আমি ঘোষণা করছি—আজ থেকে এই ভূখণ্ডের নাম শুধু ‘বাংলাদেশ’।”
১৯৬৯ সালের ৫ ডিসেম্বরের এই ঘোষণা স্বাধীনতার পথচলার ভিত্তি, জাতিগত সত্তার পুনর্জাগরণ এবং বাঙালির আত্মমর্যাদার পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মাইলফলক। আজকের দিনটি তাই কেবল স্মরণ নয়, এটি একটি জাতির আত্মপরিচয় পুনর্বার উচ্চারণের গৌরবময় দিন।
(ছবিটি ৫ ডিসেম্বর ১৯৬৯ সালের ঐতিহাসিক সভার)
খবরওয়ালা /এসএস