দুই দিনের সফরে নয়াদিল্লি এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঐতিহাসিক সফর উপলক্ষে বিশেষ বক্তব্য দিয়েছেন কংগ্রেসের জনপ্রিয় নেতা শশী থারুর। তিনি দুই দেশের সম্পর্ককে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে আখ্যা দিয়েছেন।
আজ শুক্রবার ভারতের গণমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।
শশী থারুর নয়াদিল্লি-মস্কোর গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেছেন এবং উল্লেখ করেছেন যে, রাশিয়া সব সময় ভারতের পাশে থেকেছে।
ভারতের গণমাধ্যম এএনআইকে তিনি বলেন, “এক গুরুত্বপূর্ণ সময়ে প্রেসিডেন্ট পুতিন ভারত সফর করছেন। এটি একটি উল্লেখযোগ্য সফর। দুই দেশের টেকসই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ঝঞ্ঝাবিক্ষুব্ধ বিশ্বের প্রেক্ষাপটে যেসব সম্পর্ক টিকে আছে, সেগুলোকে আরও শক্তিশালী করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “রাশিয়ার বন্ধুত্বের মূল্য সাম্প্রতিক বছরগুলোতে প্রমাণিত হয়েছে। বিশেষ করে দুইটি ক্ষেত্রে—আমরা রাশিয়া থেকে অনেক তেল ও গ্যাস পেয়েছি। পাশাপাশি, অপারেশন সিঁদুর চলাকালে রাশিয়ার এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা দিল্লি ও অন্যান্য শহরকে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করেছে।”
থারুর যুক্তি, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভারতের সম্পর্ক মস্কো-নয়াদিল্লির বন্ধুত্বকে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না।
দুই দিনের সফরের প্রথম দিনে মোদির সঙ্গে বৈঠক করবেন পুতিন। এটি দুই দেশের ২৩তম সম্মেলন হবে, যেখানে প্রতিরক্ষা ও বাণিজ্য গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হবে। বৈঠকের আগে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুতিন। নিরাপত্তার কারণে সফরের সময় নয়াদিল্লির অনেক সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
খবরওয়ালা /এসএস



