ফরিদপুরে ভ্যানচালককে বেঁধে মাছ ব্যবসায়ীকে হত্যা

ফরিদপুরের সালথা উপজেলায় উৎপল সরকার (২৬) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার দুপুরে সালথা থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রিজের কাছে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

উৎপল ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে।

পরিবারের বরাত দিয়ে মারুফ বলেন, “উৎপল নিয়মিত গোপালগঞ্জের মুকসুদপুর থেকে মাছ কিনে স্থানীয় বাজারে বিক্রি করতেন। এদিন ভোররাত সাড়ে ৪টার দিকে মাছ কিনতে বাড়ি থেকে বের হন।”

গৌরদিয়া গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, কালীতলা ব্রিজের রেলিংয়ের সঙ্গে ভ্যানচালক ফিরোজ মোল্লাকে বেঁধে রাখা হয়েছিল, তার চোখও বাঁধা ছিল। “স্থানীয় বাসিন্দারাই ফিরোজের হাত ও চোখ খুলে দিয়েছিল। আমরা তাকে হেফাজতে রেখেছি,” বলেন পুলিশ কর্মকর্তা।

ফিরোজের বরাত দিয়ে মারুফ আরও জানান, হত্যাকাণ্ডে তিন-চারজন অংশ নিয়েছিল।

তিনি বলেন, “উৎপলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। পুলিশ খতিয়ে দেখছে এটি পূর্ব শত্রুতার জের নাকি টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ঘটেছে।”

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।