খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
ইস্পাহানি–প্রথম আলো তৃতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে গণ বিশ্ববিদ্যালয়। সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে ৬–০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার মঞ্চ নিশ্চিত করে দলটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। আগামী ১৫ ডিসেম্বর বেলা আড়াইটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল।
এর আগে দিনের প্রথম সেমিফাইনালে নাটকীয় লড়াইয়ের জন্ম দেয় এআইইউবি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। নির্ধারিত ৭০ মিনিটে ম্যাচটি ২–২ গোলে ড্র হলে গড়ায় টাইব্রেকারে। সেখানে ৬–৫ গোলে জয় পেয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করে এআইইউবি। টাইব্রেকারে নায়ক ছিলেন গোলকিপার রাজীব ইসলাম, যিনি দুটি গুরুত্বপূর্ণ শট রুখে দেন।
দ্বিতীয় সেমিফাইনালে অবশ্য একপেশে দৃশ্যপট তৈরি করে গণ বিশ্ববিদ্যালয়। ম্যাচের শুরুতে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি আক্রমণাত্মক ফুটবল খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অভিজ্ঞ গণ বিশ্ববিদ্যালয়। ২৯ মিনিটে সাইফ সামশুদ গোল করে সূচনা করেন গোল উৎসবের। এরপর ৩৫ মিনিটে হীরা ঘোষ ব্যবধান বাড়ান। প্রথমার্ধ শেষ হওয়ার আগে সাইফ নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩–০ ব্যবধানে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধে মাঠে নামেন আরও ভয়ংকর হয়ে রাফায়েল টুডু। ৫২ মিনিটে একক নৈপুণ্যে তিন-চারজন ডিফেন্ডার কাটিয়ে চোখধাঁধানো গোল করেন তিনি। ৬৫ মিনিটে সাইফ পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। ম্যাচের শেষ মিনিটে টুডুর দ্বিতীয় গোলে ৬–০ ব্যবধানে জয় নিশ্চিত হয় গণ বিশ্ববিদ্যালয়ের।
| মিনিট | গোলদাতা | স্কোর |
| ২৯’ | সাইফ সামশুদ | ১–০ |
| ৩৫’ | হীরা ঘোষ | ২–০ |
| ৪৩’ | সাইফ সামশুদ | ৩–০ |
| ৫২’ | রাফায়েল টুডু | ৪–০ |
| ৬৫’ | সাইফ সামশুদ | ৫–০ |
| ৭০’ | রাফায়েল টুডু | ৬–০ |
এই ম্যাচে হ্যাটট্রিক করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাইফ সামশুদ, যিনি গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগে ঢাকা ওয়ান্ডারার্সের হয়ে খেলেছেন। অন্যদিকে, টানা গোলের ধারাবাহিকতায় চার ম্যাচে ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এখন রাফায়েল টুডু।
গণ বিশ্ববিদ্যালয়ের শক্তির বড় জায়গা ছিল অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি। দলে ছিলেন পিডব্লিউডির গোলকিপার রাহুল হোসেন, রহমতগঞ্জের সিফাত শাহরিয়ার, ফকিরেরপুল ইয়ংমেন্সের সাব্বির হোসেন এবং রিফাত হাসানের মতো লিগ-অভিজ্ঞ ফুটবলাররা।
ম্যাচসেরার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, ইস্পাহানি টি লিমিটেডের বিপণন মহাব্যবস্থাপক ওমর হান্নান, সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্যসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনেরা।