খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 12শে পৌষ ১৪৩২ | ২৬ই ডিসেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
আন্তর্জাতিক ব্যাডমিন্টন অঙ্গনে বাংলাদেশের জন্য গর্বের দিন। স্বাগতিক দেশের খেলোয়াড়দের দাপটে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজের পুরুষ দ্বৈত ইভেন্টে নিশ্চিত হয়েছে অল বাংলাদেশ ফাইনাল। বৃহস্পতিবার সেমিফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে দুই স্বাগতিক জুটি ফাইনালে জায়গা করে নেয়, ফলে আগামীকাল পুরুষ দ্বৈতের শিরোপা নিশ্চিতভাবেই বাংলাদেশের ঘরেই থাকছে।
ঢাকার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় দুই বাংলাদেশি জুটি—গৌরব সিংহ ও আবদুল জহির তানভীর বনাম আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম সেটে ১৯–২১ পয়েন্টে পিছিয়ে পড়ে গৌরব-তানভীর জুটি। তবে দ্বিতীয় সেটেই দুর্দান্ত প্রত্যাবর্তন করে তারা প্রতিপক্ষকে মাত্র ৮ পয়েন্টে আটকে দিয়ে ২১–৮ ব্যবধানে জয় পায়। আত্মবিশ্বাসে ভর করে তৃতীয় সেটেও ধারাবাহিকতা বজায় রেখে ২১–১৫ পয়েন্টে ম্যাচ জিতে ফাইনালে ওঠে গৌরব ও তানভীর।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে আরও নাটকীয় লড়াই উপহার দেন মিজানুর রহমান ও রাহাতুন নাঈম। থাইল্যান্ডের শক্তিশালী জুটি কুল্লাপাত লোথং ও তাছিনের বিপক্ষে প্রথম সেটে ১৭–২১ পয়েন্টে হেরে গেলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ২১–১৩ পয়েন্টে জয় পায় বাংলাদেশি জুটি। তৃতীয় ও নির্ধারণী সেটে দু’পক্ষের মধ্যে চলে রীতিমতো স্নায়ুযুদ্ধ। শেষ পর্যন্ত ২৫–২৩ পয়েন্টে সেট ও ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেন মিজান ও নাঈম।
উল্লেখযোগ্য বিষয় হলো, কয়েক দিন আগেই কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত ইউনেক্স কানাডিয়ান চ্যালেঞ্জে ব্রোঞ্জ পদক জিতে ফিরেছিলেন আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল। তবে নিজ দেশের মাটিতে সেই সাফল্য ধরে রাখতে পারেননি তারা। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে কোয়ার্টার ফাইনালেও উঠতে ব্যর্থ হওয়ার পর চলমান ইন্টারন্যাশনাল সিরিজে সেমিফাইনাল পর্যন্ত এলেও শেষ পর্যন্ত ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হলো এই জুটিকে।
এর আগে কোয়ার্টার ফাইনালে আল আমিন ও মোয়াজ্জেম ইংল্যান্ডের ওয়াং ইউ হ্যাং ও অস্ট্রেলিয়ার জেউই জি জুটিকে ২১–১৪ ও ২৫–২৩ পয়েন্টে সরাসরি সেটে হারিয়ে শেষ চারে ওঠেন। গৌরব ও তানভীর ভিয়েতনামের থান দাত ও ডাক এনগুয়েন জুটিকে ২১–১৫, ২১–১৫ পয়েন্টে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেন। অন্যদিকে মিজান ও নাঈম ভারতের অতুল কুমার ও প্রদীপ কুমার জুটিকে ২১–১৫ ও ২১–১৬ পয়েন্টে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন।
সব মিলিয়ে স্বাগতিকদের শক্তিমত্তা ও ধারাবাহিক পারফরম্যান্সে পুরুষ দ্বৈতে অল বাংলাদেশ ফাইনাল নিশ্চিত হওয়ায় টুর্নামেন্টে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে। আগামীকাল শুক্রবার বেলা ২টা থেকে পাঁচটি ইভেন্টের ফাইনাল খেলা শুরু হবে। ব্যাডমিন্টনপ্রেমীদের দৃষ্টি এখন পুরুষ দ্বৈতের ফাইনালে—যেখানে দুই শক্তিশালী বাংলাদেশি জুটির লড়াইয়ে নির্ধারিত হবে শিরোপার ভাগ্য।