আইপিএলের পথেই পিএসএল, শনিবার থেকে আবার মাঠে গড়াবে টুর্নামেন্ট

ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনায় স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় শুরু হতে যাচ্ছে আগামী শনিবার (১৭ মে)। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে। যদিও এখনো পরিবর্তিত সূচি কিংবা ভেন্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তবে বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি মঙ্গলবার (১৩ মে) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দিন-তারিখ নিশ্চিত করেছেন।

গত ৯ মে রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাজনিত শঙ্কায় পিএসএল স্থগিতের ঘোষণা দেয় পিসিবি। তার আগেই বোর্ড জানায়, বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে শেষ পর্যন্ত ৮টি ম্যাচ বাকি রেখেই লিগ স্থগিত করা হয়।

একই দিনে ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইপিএলও সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় বিসিসিআই। পরে আইপিএলের পুনরায় শুরুর তারিখ জানিয়ে দেয় ভারতীয় বোর্ড, আর সেই একই দিনে (১৭ মে) পিএসএল ফের শুরুর ঘোষণা দিলেন নাকভি।

এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে পিসিবি চেয়ারম্যান লেখেন, ‘পিএসএলের ১০ম আসর যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে। ৬ দল, শূন্য ভয়, ৮টি রোমাঞ্চকর ম্যাচের জন্য প্রস্তুত হোন, যেটা শুরু হবে ১৭ মে থেকে। ২৫ মে গ্র্যান্ড ফাইনাল। সব দলের জন্য শুভকামনা।’

2Q== আইপিএলের পথেই পিএসএল, শনিবার থেকে আবার মাঠে গড়াবে টুর্নামেন্ট
পাকিস্তান ক্রিকেট বোর্ডের  (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি মঙ্গলবার (১৩ মে) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পিএসএল শুরুর দিন-তারিখ নিশ্চিত করেছেন। ছবি: এক্স থেকে

তবে এখনো পিসিবি আনুষ্ঠানিকভাবে ম্যাচের ভেন্যু বা সময়সূচি ঘোষণা করেনি। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, সম্ভাব্য সব ম্যাচ পাকিস্তানেই আয়োজন করা হবে। বিষয়টি চূড়ান্ত করতে পিএসএল কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনায় বসেছে।

তবে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ। ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, অনেক বিদেশি ক্রিকেটার এবারের পুনরায় শুরু হওয়া অংশে খেলতে ফিরবেন না। এতে ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড ভারসাম্যে বড় প্রভাব পড়তে পারে। এই সংকট মোকাবিলায় বিকল্প ড্রাফট আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি।

পিএসএল পুনরায় শুরুর তারিখটি বাংলাদেশের পাকিস্তান সফরের সূচির সঙ্গে সাংঘর্ষিক। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ২৫ মে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ফলে পিএসএলের ফাইনাল ও আন্তর্জাতিক ম্যাচ একই দিনে হওয়ায় সূচিতে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। বিসিবি জানিয়েছে, এ বিষয়ে পিসিবির সঙ্গে আলোচনা চলছে।

পুনরায় মাঠে ফিরতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগ ঘিরে আবারও সরব হয়ে উঠেছে ক্রিকেটপ্রেমীরা। যদিও সামনে আরও কিছু জটিলতা রয়ে গেছে, তবে আশা করা হচ্ছে নির্ধারিত সময়েই সফলভাবে শেষ হবে এবারের পিএসএল।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।