আন্তর্জাতিক মহলে বার্তা দিতে ডলার বিনিময় হার বাজারভিত্তিক: ডেপুটি গভর্নর

বাংলাদেশের সংস্কার উদ্যোগের সদিচ্ছার বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পৌঁছানোর লক্ষ্যে ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান। তবে টাকার বিনিময় হার কাঙ্ক্ষিত মাত্রার বেশি কমে গেলে (অবমূল্যায়ন হলে) বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে বলেও সতর্ক করেন তিনি।

বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর বনানীতে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন তিনি। ‘সামষ্টিক অর্থনীতি নিয়ে মাসিক বিশ্লেষণ (এমএমআই)’ শীর্ষক এই অনুষ্ঠানটি নিয়মিত আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার।

ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সংস্কার উদ্যোগের অংশ হিসেবেই বিনিময় হার বাজারভিত্তিক করা হয়েছে। এতে করে দেশ সম্পর্কে  ‍আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইতিবাচক বার্তা যাবে। বোঝা যাবে, সংস্কারের বিষয়ে বাংলাদেশের সদিচ্ছা রয়েছে।’

তিনি আরও জানান, বুধবার বাজারে টাকার বিনিময় হারে কিছুটা ওঠানামা হলেও বড় ধরনের অবমূল্যায়নের চাপ দেখা যায়নি। বাজার পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত বৈদেশিক মুদ্রার চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য তৈরি হয়েছে বলে মনে হচ্ছে।

তবে যদি দেখা যায়, টাকার মান কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে বেশি কমে গেছে, তখন কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করবে বলেও জানান তিনি। ‘বাংলাদেশ ব্যাংকের হাতে সে সক্ষমতা রয়েছে’, বলেন হাবিবুর রহমান।

প্রধান অতিথি আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘উন্নয়নের জন্য বিশাল সংস্কারের প্রয়োজন হয় না। সঠিক নীতি গ্রহণ ও বাস্তবায়নে সমন্বয় থাকলেই যথেষ্ট। জাপানের উদাহরণ আমাদের সামনে আছে—মাত্র ১৫ বছরে তারা ঘুরে দাঁড়িয়েছে। এশিয়ার আরও অনেক দেশ তা পেরেছে।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার এবং মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান। আশিকুর বলেন, ‘অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে, যার পেছনে রপ্তানি ও প্রবাসী আয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে এখনও কিছু কাঠামোগত দুর্বলতা রয়ে গেছে, বিশেষ করে রাজস্ব ও আর্থিক ব্যবস্থাপনায়।’

তিনি জানান, এই দুর্বলতা কাটিয়ে উঠতে নেওয়া দুটি বড় সংস্কার উদ্যোগ হলো—রাজস্ব নীতি ও ব্যবস্থাপনাকে পৃথক করা এবং বিনিময় হারকে বাজারের ওপর ছেড়ে দেওয়া।

আশিকুর রহমান মধ্যমেয়াদে এসব সংস্কারের ইতিবাচক ফল আসবে, কর-জিডিপি অনুপাত বাড়বে এবং অর্থনীতি আরও শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনের উপপ্রধান ক্লিনটন পবকে ও দ্বিতীয় সচিব জোশুয়া গ্যাসুটান। সূচনা বক্তব্য দেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক খুরশীদ আলম।

এমএমআই আয়োজনের লক্ষ্য হিসেবে পিআরআই জানায়, দেশের সামষ্টিক অর্থনৈতিক প্রবণতা নিয়ে নিয়মিত বিশ্লেষণের মাধ্যমে নীতিনির্ধারণ ও জনসচেতনতা বাড়ানো।
 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।