আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা

জেন-জি নেতৃত্বাধীন সরকারবিরোধী তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। 

ফরাসি সামরিক বাহিনীর বিমানে করে রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে পাড়ি জমান তিনি। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স বিরোধীদলীয় নেতা ও স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

মাদাগাস্কারের সংসদের বিরোধীদলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানাসোলোনিয়াইকো জানান, সেনাবাহিনীর কয়েকটি ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট পালিয়ে যান। “আমরা প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি, তিনি দেশ ছেড়েছেন,” বলেন তিনি। তবে বর্তমানে রাজোয়েলিনা কোথায় অবস্থান করছেন, তা জানা যায়নি।

ফরাসি রেডিও আরএফআই জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সমঝোতায় পৌঁছেই দেশ ত্যাগ করেছেন রাজোয়েলিনা।

২৫ সেপ্টেম্বর পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে জেন-জিদের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন।

প্রায় ৩ কোটি জনসংখ্যার মাদাগাস্কারে গড় বয়স ২০ বছরেরও কম। দেশটির তিন-চতুর্থাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। স্বাধীনতার পর থেকে মাথাপিছু জিডিপি ৪৫ শতাংশ কমেছে। ভ্যানিলা উৎপাদনের জন্য বিখ্যাত এই দ্বীপরাষ্ট্রের অর্থনীতি নির্ভর করে নিকেল, কোবাল্ট, বস্ত্র ও চিংড়ি রপ্তানির ওপর।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।