কিয়েভে রুশ হামলায় নিহত বেড়ে ২৬

কিয়েভে রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (০১ আগস্ট) বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টেলিগ্রাম পোস্টে জানায়, হামলার প্রাথমিক পরিসংখ্যানে দুই শিশুসহ ১৬ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। তবে পরে রাজধানী কিয়েভের সাভিয়াতোশিনস্কি জেলার একটি আবাসিক ভবন থেকে উদ্ধারকারীরা ২ বছর বয়সী এক শিশুসহ আরও ১০ জনের মরদেহ উদ্ধার করে। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৬-এ।

বিবৃতিতে আরও জানানো হয়, বৃহস্পতিবারের হামলায় অন্তত ১৬ শিশুসহ মোট ১৫৯ জন আহত হয়েছেন।

এছাড়া, শুক্রবার সকালে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ঝাপোরিঝঝিয়া অঞ্চলেও রুশ হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সামরিক প্রশাসন।

বৃহস্পতিবারের ভয়াবহ হামলার পর শুক্রবার ইউক্রেনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে কিয়েভে এটি অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই হামলার পরপরই পশ্চিমা মিত্রদের প্রতি রাশিয়ায় ‘শাসক পরিবর্তনের’ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে, রাশিয়ার এ হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘রাশিয়া—আমার মতে, তারা যা করছে, তা নিন্দনীয়। আমি মনে করি এটা অত্যন্ত নিন্দনীয়।’ তিনি আরও জানান, মস্কোর বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এর আগে গত সোমবার ট্রাম্প হুঁশিয়ারি দেন, চলমান আগ্রাসন বন্ধে রাশিয়াকে ‘১০-১২ দিন’ সময় দেওয়া হয়েছে। এর ব্যত্যয়ে দেশটিকে কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন তিনি।

 

খবরওয়ালা/এসআই

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।