মেঝেতে রোগী, মাথার ওপর ঝুলছে মাল্টিপ্লাগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ সামলাতে ওয়ার্ডের বাইরে মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। কিন্তু সেই মেঝের শয্যার পাশেই দেখা গেছে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ। একটি মাল্টিপ্লাগ থেকে একাধিক মাল্টিপ্লাগে সংযোগ নিয়ে চালানো হচ্ছে বৈদ্যুতিক পাখা ও নেবুলাইজার। কোনো কোনো ক্ষেত্রে রোগী ও স্বজনদের মাথার ওপর দিয়েই ঝুলছে এসব বৈদ্যুতিক তার ও মাল্টিপ্লাগ। এতে যেকোনো সময় দুর্ঘটনা কিংবা অগ্নিকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার বেলা তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন ও রেডিওলজি ওয়ার্ডের মাঝের চলাচলের জায়গায় এমন চিত্র দেখা যায়। জায়গাটি মূলত রোগী ও তাঁদের স্বজনদের চলাচল এবং অপেক্ষার জন্য ব্যবহৃত হয়। তবে মেডিসিন ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি থাকায় সেখানে মেঝেতে শয্যা পেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীকে।

সরেজমিনে দেখা যায়, রেডিওলজি ওয়ার্ডে ঢোকার আগে একটি বড় পিলারের পাশে স্যালাইনের পাইপের সঙ্গে বেঁধে রাখা হয়েছে একটি মাল্টিপ্লাগ। সেটিই যেন সেখানে থাকা রোগীদের বৈদ্যুতিক সংযোগের প্রধান উৎস। ওই মাল্টিপ্লাগ থেকে আরও কয়েকটি মাল্টিপ্লাগে সংযোগ নেওয়া হয়েছে। সেসব সংযোগ ব্যবহার করে মেঝেতে থাকা রোগীরা বৈদ্যুতিক পাখা ও নেবুলাইজার চালাচ্ছেন। মূল সংযোগটি নেওয়া হয়েছে মেডিসিন ওয়ার্ডের ভেতর থেকে।

সেখানে থাকা রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, মূল মাল্টিপ্লাগটি আগে থেকেই ওই স্থানে ছিল। মেঝেতে থাকা রোগীদের জন্য পর্যাপ্ত বৈদ্যুতিক পাখার ব্যবস্থা না থাকায় তাঁদের স্বজনেরা নিজেদের উদ্যোগে পাখা কিনে এনে ওই সংযোগ থেকেই বিদ্যুৎ নিচ্ছেন। বাইরে আলাদা কোনো বৈদ্যুতিক বোর্ড না থাকায় ওয়ার্ডের ভেতরের সংযোগ ব্যবহার করতে হচ্ছে তাঁদের।

সাতজন রোগী ও তাঁদের স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, মেঝেতে চিকিৎসাধীন রোগীদের অনেকেই দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করছেন। বিশেষ করে গরমের মধ্যে পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা না থাকায় রোগীর স্বজনেরা নিজেরাই পাখার ব্যবস্থা করছেন। শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় থাকা রোগীদের ক্ষেত্রে নেবুলাইজার ব্যবহারের প্রয়োজন হলে একই সংযোগের ওপর নির্ভর করতে হচ্ছে।

মেঝেতে থাকা রোগীদের একজন জন্ডিসে আক্রান্ত। তাঁর সঙ্গে ছিলেন দুই স্বজন। তাঁদের মাথার ওপরেই ঝুলছিল একটি মাল্টিপ্লাগ। সেখান থেকে নেওয়া একাধিক সংযোগে বৈদ্যুতিক পাখা ও নেবুলাইজার চলছিল। রোগী ও স্বজনদের অবস্থানের এত কাছাকাছি বৈদ্যুতিক সরঞ্জাম থাকায় বিষয়টি নিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের বক্তব্য, শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও সব রোগীকে নির্ধারিত শয্যায় রাখা সম্ভব হয় না। রোগীকে ফিরিয়ে না দিয়ে ওয়ার্ডের বাইরে মেঝেতে রেখেও চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়ার চেষ্টা করা হয়। তবে এভাবে রোগীর স্বজনদের নিজেদের মতো করে বৈদ্যুতিক সংযোগ নেওয়া কোনোভাবেই নিরাপদ নয়।

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, বিষয়টি না বুঝে রোগীর স্বজনেরা এ ধরনের সংযোগ তৈরি করছেন। সমস্যার কথা কর্তৃপক্ষকে জানানোর পরিবর্তে তাঁরা নিজেরাই বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা করছেন। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে অবৈতনিক কর্মচারীদের টাকা দিয়ে এসব সংযোগ নেওয়া হচ্ছে। এতে বৈদ্যুতিক শর্টসার্কিট, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া কিংবা আগুন লাগার মতো দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, হাসপাতালে প্রতিদিনই নির্ধারিত শয্যার তুলনায় বেশি রোগী ভর্তি থাকেন। শয্যায় জায়গা না থাকলেও তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা নিশ্চিত করতে হয়। এ কারণে অনেক রোগীকে ওয়ার্ডের বাইরে রাখতে হচ্ছে।

তিনি বলেন, রোগীর স্বজনেরা বিষয়টি না বুঝে এভাবে বৈদ্যুতিক সংযোগ নিয়ে থাকেন। এতে দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এ ধরনের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ বন্ধ করতে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করবে।

হাসপাতালের মতো স্থানে যেখানে প্রতিদিন বিপুলসংখ্যক অসুস্থ মানুষ অবস্থান করেন, সেখানে বৈদ্যুতিক নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেঝেতে চিকিৎসাধীন রোগী, তাঁদের স্বজন এবং চলাচলের জায়গার মধ্যে এভাবে একাধিক মাল্টিপ্লাগ ও বৈদ্যুতিক তার ছড়িয়ে থাকলে জরুরি পরিস্থিতিতে রোগী সরিয়ে নেওয়াও কঠিন হয়ে পড়তে পারে। তাই রোগীর অতিরিক্ত চাপের পাশাপাশি নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিত করাও হাসপাতাল কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Tags :

মুরসালিন মাহমুদ তাইসিন | উপ-সম্পাদক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।