কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত ৩

যশোরে খেলার মাঠে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু আহত হয়েছে।

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিশুরা হলো- শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদৎ হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫), সজিব হোসেন (৬) ও আয়েশা খাতুন (৩)। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুরা ছোটনের মোড়ের পাশে একটি মাঠে খেলা করছিল। খেলার সময় খাদিজা বলের মতো দেখতে একটি বস্তু (ককটেল) কুড়িয়ে পায়। সেটিকে বাসায় নিয়ে এসে অন্য দুই ভাই-বোনের সঙ্গে খেলা করার সময় সেটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে খাদিজা ও সজিব গুরুতর আহত হয় এবং আয়েশা আঘাত পায়। স্থানীয় লোকজন এবং শিশুদের আত্মীয়স্বজন দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে খাদিজার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন। বর্তমানে সজিব এবং আয়েশা যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ৩ জন গুরুতর আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

খবরওয়ালা/এমইউ
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।