গাজীপুরে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শ্রমিকদের তীব্র বিক্ষোভ

গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ এলাকায় হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হলে শ্রমিকেরা তা দেখে বিক্ষোভ শুরু করেন। খবর লেখা পর্যন্ত (দুপুর ১টা ৩০ মিনিট) বিক্ষোভ চলছিল।

হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (অ্যাডমিন অ্যান্ড ফাইনান্স) স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গতকাল সোমবার শ্রমিকেরা কিছু অযৌক্তিক দাবি উত্থাপন করেন এবং কারখানার উৎপাদন বন্ধ করে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেন। এর ফলে রপ্তানিমুখী কার্যক্রম ব্যাহত হয়ে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়। বারবার কাজে ফেরার আহ্বান জানানো হলেও শ্রমিকেরা তা মানেননি। শ্রমিকদের এই আচরণকে অবৈধ ধর্মঘট হিসেবে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে খোলার তারিখ পরবর্তী নোটিশে জানানো হবে।

এদিকে, আজ সকালে শ্রমিকেরা কারখানার গেট এলাকায় এসে নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠেন। তাঁরা মিতালি ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজারের শাখা সড়কটি অবরোধ করেন। এ সময় সব ধরনের যানবাহন ঘুরিয়ে দেওয়া হয় এবং অনেক চালকের সঙ্গে তর্কাতর্কির ঘটনাও ঘটে।

গাজীপুর শিল্প পুলিশ–২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।