আন্দোলনে সেবা দেওয়া অ্যাম্বুলেন্স চালক সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামে জুলাই গণ-আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দিয়ে প্রশংসিত হওয়া চালক মো. সাজ্জাদ হোসেনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গত শনিবার নগরের চকবাজার এলাকার শাহ লেইন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রোববার দুটি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের পাঁচ দিন পর সম্প্রতি ঘটনাটি প্রকাশ্যে এলে নগরজুড়ে ব্যাপক আলোচনা ও অসন্তোষের সৃষ্টি হয়।
গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন নগরীর পাঁচলাইশ থানার গোয়াছি বাগান এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী পরিবহনের কাজে নিয়োজিত একজন পেশাদার অ্যাম্বুলেন্স চালক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কেবল গাড়ি চালানোই নয়, সে সময় সংকটকালে রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদানও করেছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ১৭ ফেব্রুয়ারি রাতে চকবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিলকে কেন্দ্র করে মামলা করা হয়। সেই মামলায় অনাকাঙ্ক্ষিতভাবে সাজ্জাদকে আসামি করা হয়। বিষয়টি জানতে পেরে তিনি ১০ মার্চ তৎকালীন সিএমপি কমিশনারের কাছে লিখিত আবেদন জানান এবং আন্দোলনে তার মানবিক ভূমিকার প্রমাণাদি পেশ করেন। এরপর ২৫ মার্চ চট্টেশ্বরী মোড় এলাকায় আরেকটি মিছিলের ঘটনায় চকবাজার থানায় দায়ের করা দ্বিতীয় মামলাতেও তার নাম অন্তর্ভুক্ত হয়। সে সময় সাজ্জাদ ও তার স্বজনেরা চকবাজার থানার তৎকালিন ওসির সঙ্গে দেখা করলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অভিযোগপত্র দাখিলের সময় সাজ্জাদের নাম বাদ দেওয়া হবে।
তবে সাজ্জাদের পরিবারের দাবি, সম্প্রতি রাজনৈতিক প্রতিহিংসার বশে একটি সুবিধাবাদী চক্র সাজ্জাদকে চকবাজার থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করে একটি ভুয়া ও মনগড়া কমিটির কাগজ পুলিশের কাছে জমা দেয়। চালকের ভাই ও চকবাজার থানা ছাত্রদলের সাবেক নেতা আরিফুল ইসলাম জানান, তার ভাই কখনো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তাকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলা হয়েছে। একই সুর সুর মিলিয়ে আন্দোলন সংগঠক সাখাওয়াত হোসাইন শিপন বলেন, সংকটকালে জীবনের ঝুঁকি নিয়ে আহতদের প্রাণ বাঁচানো একজন মানবিক যোদ্ধাকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করা চরম অন্যায়।
বিষয়টি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান জানান, থানায় রুজু হওয়া সন্ত্রাসবিরোধী আইনের এজাহারনামীয় আসামি হিসেবেই সাজ্জাদ হোসেনকে নিয়মানুযায়ী গ্রেপ্তার করা হয়েছে। সিএমপি কমিশনারের কাছে তার কোনো অব্যাহতির আবেদন ছিল কিনা সে বিষয়ে অবগত নন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।