গাজীপুরে মৃত্যুকে ঘিরে ভাঙচুর-অগ্নিসংযোগ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: গাজীপুরে এক পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এসময় বেশ কয়েকটি যানবাহনে আগুন দেন তারা। এমন পরিস্থিতিতে প্রায় অর্ধ-শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, ভোগড়া বাইপাস এলাকায় প্যানারোমা অ্যাপারেলস কারখানায় কর্মরত এক নারী শ্রমিক পারিবারিক দ্বন্দ্বের জেরে রাত সাড়ে তিনটার দিকে কারখানার সাত তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ভোর পাঁচটার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ওই নারী শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে।

ওই নারী শ্রমিকের মৃত্যুর পর কারখানা কর্তৃপক্ষের অবহেলায় তার মৃত্যু হয়েছে গুজব ছড়িয়ে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকাল আটটার দিকে কারখানায় ব্যাপক ভাঙচুর চালান। এক পর্যায়ে শ্রমিকরা ভোগড়া বাইপাস মোড়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা গার্মেন্টেস ফ্যাক্টরির বাইরে কয়েকটি মোটরসাইকেল, বাইসাইকেল ও একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দিয়ে ওই মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল দশটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে প্যানারোমা অ্যাপারেলস কারখানার শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে আশপাশের সব পোশাক কারখানায়। বোর্ড বাজার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এবং গাজীপুর জয়দেবপুর সড়ক ও গাজীপুর টাঙ্গাইল সড়কের উভয় পাশে প্রায় অর্ধ-শতাধিক পোশাক কারখানা শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা হয়।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।