ঘূর্ণিঝড়ে বিপর্যস্তদের ৩০০ মিলিয়ন রুপি অনুদান দেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

ঘূর্ণিঝড় ‘দিতওয়া’-র তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা। প্রাণঘাতী এ ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৪৭৪ জনের। নিখোঁজ রয়েছেন প্রায় চার শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দেশটির সরকার গঠন করেছে ‘রিবিল্ডিং শ্রীলঙ্কা তহবিল’। এই তহবিলে ৩০০ মিলিয়ন রুপি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

আজ এক বিবৃতিতে বিষয়টি জানায় শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। তারা জানায়, জাতীয় দলের প্রতীকী প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই এই সহায়তা দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির বিশ্বাস, সরকারের জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর গুরুত্বপূর্ণ জনসেবা পুনরুদ্ধারে এই অর্থ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

বিবৃতিতে আরও জানানো হয়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা পুনর্গঠনে সরকারের প্রচেষ্টাকে শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে পাকিস্তান সফরের সব আয় বন্যাদুর্গতদের সহায়তায় দেওয়ার ঘোষণা করেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা।

সহায়তার হাত বাড়িয়ে দিয়ে দেশটির প্রধান কোচ সানৎ জয়সুরিয়া বলেন,
‘দেশে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমরা সবাই মর্মাহত। পাকিস্তান সফরের ম্যাচ ফি এবং সব আয় বন্যার্তদের জন্য দিচ্ছি। কঠিন সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতেই হবে।’

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।