বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশল শুক্রবার ৯৮ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গোটা বিনোদন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।
কামিনী কৌশলের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও, এই শোকাবহ সময়ে তারা গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে।
প্রসঙ্গত, কামিনী কৌশল ছিলেন বলিউডের একজন প্রবীণ এবং বহুমুখী অভিনেত্রী। সাত দশকের কেরিয়ারে তিনি ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৪৬ সালে নীচা নগর ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে তার পথচলা শুরু হয়েছিল। এই ছবিটি কান চলচ্চিত্র উৎসবে পাম দে’অর পুরস্কার লাভ করেছিল। তার পরের বছরগুলোতে কামিনী কৌশল অভিনয় করেছেন ‘শহিদ’, ‘নদীয়া কে পার’, ‘দো ভাই’, ‘জিদ্দি’, ‘শবনম’, ‘পারস’, ‘ঝাঁঝর’, ‘আব্রু’— এর মতো বহু সফল সিনেমায়।
কামিনী কৌশল বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর প্রথম ছবির নায়িকা ছিলেন। ১৯৫৩ সালে মুক্তি পাওয়া শহিদ ছবিতে তার অভিনয় ছিল দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ১৯৫৪ সালের বিরাজ বহু ছবিতে তার অভিনয় ছিল অনবদ্য, এবং এই ছবির জন্য ১৯৫৬ সালে তিনি সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।
তিনি মনোজ কুমারের বহু সফল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, যেমন শহীদ, উপকার, এবং পূরব অর পশ্চিমে। এছাড়া, কামিনী কৌশল আধুনিক যুগের ছবি চেন্নাই এক্সপ্রেস (২০১৩) এবং কবির সিং (২০১৯)-এও তার শক্তিশালী অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন। কবির সিং ছবিতে তার অভিনয় তাকে সেরা পার্শ্ব-অভিনেত্রীর জন্য স্ক্রিন অ্যাওয়ার্ড এবং ফিল্মফেয়ার মনোনয়ন এনে দেয়।
তার অভিনয় জীবন ছিল দীর্ঘ ও সম্মানজনক। ২০১৫ সালে তাকে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। বড় পর্দায় সফল ক্যারিয়ার ছাড়াও, কামিনী কৌশল ছোট পর্দাতেও সফল ছিলেন। চাঁদ সিতারে শোটি তার আইকনিক কাজগুলোর মধ্যে একটি ছিল।
কামিনী কৌশল সর্বশেষ ২০২২ সালে লাল সিং চাড্ডা ছবিতে অভিনয় করেন, যা ছিল তার অভিনীত শেষ সিনেমা। তাঁর প্রয়াণে বলিউড তার এক কিংবদন্তি অভিনেত্রীকে হারাল।



