চেয়ার নিয়ে শঙ্কায় আছেন উপদেষ্টা মাহফুজ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গত দুই মাস ধরে তিনি উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। রাজনৈতিক দলগুলোর চাপ এবং ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাওয়ার দাবির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি।

রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। এ আয়োজনে সহযোগিতা করেছে যুক্তরাজ্য সরকার এবং দ্য এশিয়া ফাউন্ডেশন।

মাহফুজ আলম বলেন, ‘গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই। মানে আমি কখন নামব আমি জানি না।’

তিনি আরও বলেন, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি তুলছে। এমনকি তাঁর সরকারি বাসভবনের আশেপাশ থেকেও এ বিষয়ে স্লোগান শুনতে পেয়েছেন।

রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘ওনারা যেন সহযোগিতা করেন, অন্তত অবস্টাকল না তৈরি করেন। তাহলেই আমরা কাজগুলো এগিয়ে নিতে পারবো।’

সাংবাদিকতা সুরক্ষা আইন প্রসঙ্গে তিনি জানান, খসড়া থেকে আইন হওয়ার পর্যন্ত ১৮টি ধাপ রয়েছে। দুই মাস আগে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেও এটি এখনো দ্বিতীয় ধাপে আটকে আছে। তবে এই সরকারের মেয়াদের মধ্যেই আইনটি করার আশা প্রকাশ করেন তিনি।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘যেখানে বাকি উপদেষ্টারা দায়িত্ব নিয়ে এক বছরেও বুঝতে পারছেন না কী করবেন, সেখানে আমি এমন এক সময়ে দায়িত্ব নিয়েছি, যেদিন মনে হয় পরদিনই পদ ছাড়তে হতে পারে।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।