খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
বরিশালের গৌরনদী উপজেলায় বিকাশ ও কনফেকশনারির দোকানে ছিনতাইয়ের চেষ্টাকালে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করে গণপিটুনি দিয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়েছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলার আশোকাঠী কাঁচা বাজারের জুয়েল সরদারের দোকানে এ ঘটনা ঘটে।
আটক আরিফ হোসেন ঢাকার উত্তর সিটি করপোরেশনের উত্তরখানের চামরখান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মৃত হাসানাত ফকিরের মেয়ে জামাতা।
ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল সরদার জানান, সকাল ১০টার দিকে ওই যুবক তার দোকানে প্রবেশ করে একটি বিকাশ নাম্বারে ১০,২০০ টাকা পাঠানোর কথা বলেন। টাকা পাঠানোর আগে যুবকের কাছে টাকা চাইলে সে ব্যাগ থেকে পিস্তল বের করে তার কোমরে ঠেকিয়ে দ্রুত টাকা পাঠানোর নির্দেশ দেন।
এ সময় জুয়েলের চিৎকারে বাজারের অন্যান্য ব্যবসায়ী ও উপস্থিত লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী যুবককে আটক করে গণপিটুনি দেয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, পিস্তল সদৃশ অস্ত্রসহ যুবক আটক হওয়ার খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের হেফাজতে নিয়ে আসে। আটক যুবক আরিফকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/শরিফ