চোর চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে চোর চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ জুন) রাতে থানার বইল্লা কলোনি ও বড়পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুল আলীম ওরফে শাকিল (২৯), মো. ইয়াছিন আরাফাত শাকিল (২৫) ও আজিজুল হাকিম মাসুম।

ডিবি পশ্চিম কর্মকর্তারা জানান, গত ১২ জুন ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ এলাকার একটি বাসায় চুরির ঘটনা ঘটে। ওই বাসার ভাড়াটে মো. বেলাল উদ্দিন জানান, অজ্ঞাতনামা চোরেরা তার বাসার বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে একটি ম্যাকবুক প্রো ল্যাপটপ, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ ২২ হাজার টাকা নিয়ে যায়। একই ভবনের আরেক ভাড়াটে আবুল কাশেমের বাসাতেও ঘটনার সপ্তাহ আগেই একই কায়দায় চুরি হয়। সেখান থেকে ৩টি মোবাইল ফোন ও ৫৫ হাজার টাকা চুরি হয়।

চুরির ঘটনা তদন্তে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হালিশহর বইল্লা কলোনির একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে চোর চক্রের মূলহোতা আব্দুল আলীম ওরফে শাকিলকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্য অনুযায়ী আরও দুই সহযোগী মো. ইয়াছিন আরাফাত শাকিল (২৫) ও আজিজুল হাকিম মাসুমকে হালিশহরের বড়পুল এলাকার একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয়। মাসুমের মালিকানাধীন ইনসাফ এন্টারপ্রাইজ নামের ওই মোবাইল এক্সেসরিজের দোকান থেকেই চুরি হওয়া ম্যাকবুক প্রো ল্যাপটপটি উদ্ধার করা হয়। চুরি করা ল্যাপটপটি মূল অভিযুক্ত দুজন মাসুমের কাছে বিক্রি করেছিলেন।

মহানগর গোয়েন্দা পুলিশ পশ্চিম জোনের উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান বলেন, পরপর চুরির ঘটনা তদন্তে নেমে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরির মালামালও উদ্ধার করা হয়েছে। আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।