জনগণের বিজয় হয়েছে, এখন সড়ক অবরোধের আর প্রয়োজন নেই:মির্জা ফখরুল

উচ্চ আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ না নেওয়ার বিষয়ে করা রিট খারিজ হওয়াকে ‘জনগণের বিজয়’ হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ রায় গণতন্ত্রের একটি বড় জয়।

বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্টে রিট খারিজ হওয়ার পর মির্জা ফখরুল তার প্রতিক্রিয়ায় বলেন, “এই রায়ে জনগণের বিজয় হয়েছে। এটাতে নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে। আমরা জানি, যখন মেয়র নির্বাচন হয়, তখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জোর করে সেই ফলাফল ছিনিয়ে নেয়। তবে জনতার রায়ে ঢাকাবাসী ও দেশের মানুষ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছিল।”

বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি আশা করি, মন্ত্রণালয় আর কোনো জটিলতা সৃষ্টি না করে দ্রুত ইশরাক হোসেনের শপথ নেওয়ার ব্যবস্থা করবে এবং পরিস্থিতিকে সহজ করার চেষ্টা করবে।”

তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে একমাত্র পথ হলো দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। সংস্কারের বিষয়গুলো একটি চলমান প্রক্রিয়া। যেসব সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। আর যেসব প্রস্তাবে ঐকমত্য হবে না, তা সনদের ভেতরেই চলমান রাখতে হবে।”

দলের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আদালতের রায় অনুযায়ী বিষয়টির নিষ্পত্তি হয়েছে, জনগণের বিজয় হয়েছে। এখন সড়ক অবরোধের আর প্রয়োজন নেই। আশা করি সরকার এখন সঠিক সিদ্ধান্ত নেবে এবং ইশরাককে দ্রুত শপথ নেওয়ার সুযোগ করে দেবে। আমাদের নেতা-কর্মীরা জনগণের স্বস্তির জন্য রাস্তায় প্রতিবাদ কর্মসূচি থেকে সরে আসবেন।”

উল্লেখ্য, বিএনপি মহাসচিব গত ১৪ মে চোখের অস্ত্রোপচারের জন্য থাইল্যান্ডের ব্যাংকক যান। পরদিন ব্যাংককের রুটনিন আই হসপিটালে তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

খভরওয়ালা/এমএজেড
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।