জাতীয় প্রতিবন্ধী দলের ক্রিকেটার ইকবালের ভাই নিখোঁজ

বাগেরহাটে বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য মো. ইকবাল হোসেনের ভাই মো. হাসান খান (২৪) এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেছেন প্রতিবন্ধী ক্রিকেটার মো. ইকবাল হোসেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তিনি এই ডায়রি করেন।

নিখোঁজ মো. হাসান খান মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী গ্রামের মৃত মো. ইলিয়াস খানের ছেলে। হাসান খান একজন বুদ্ধি প্রতিবন্ধী। তার উচ্চতা প্রায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাঝারি গড়নের এবং ওজন আনুমানিক ৫০ কেজি। মুখে হালকা দাড়ি আছে। তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারেন। একা একা চলাচলও করতে পারেন বলে জানিয়েছেন বড় ভাই মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, গেল ৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ী এলাকা থেকে মো. হাসান খান নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। ছোট ভাইয়ের খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় আছেন বলে জানান ইকবাল হোসেন।

নিখোঁজ মো. হাসান খানের মা মোমেনা বেগম বলেন, প্রায় এক সপ্তাহ হয় আমার ছেলের মুখ দেখি না। আমার পাগল ছেলে, কোথায় আছে কেমন আছে জানি না। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ আমার ছেলেকে খুঁজে বের করতে সহযোগিতা করুন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান বলেন, নিখোঁজের বড় ভাই একটি সাধারণ ডায়রি করেছেন। আমরা সব থানায় বেতার বার্তা পাঠিয়েছি। সেইসঙ্গে সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।