ট্রাম্পের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম। রাজ্য প্রশাসনের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রোববার (৮ জুন) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিউসাম বলেন, “লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভের কারণ ট্রাম্প নিজেই তৈরি করেছেন। অথচ তিনি রাজ্য প্রশাসনকে উপেক্ষা করে ন্যাশনাল গার্ড নামিয়ে দিয়েছেন। এটি আইনবহির্ভূত কাজ। আমরা তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”

তিনি আরও বলেন, “একজন প্রেসিডেন্টের যেসব দায়িত্বশীল আচরণ থাকা উচিত, ট্রাম্পের মধ্যে তার কিছুই নেই। বরং তাঁর কার্যকলাপ একজন স্বৈরশাসকের মতো।”

এদিকে লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল জানিয়েছেন, শহরের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যদিও ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রয়োজনীয়তা নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি, তবে পরিস্থিতি বিবেচনায় পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

একই দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ম্যাকডোনেলের বক্তব্যকে সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন, “যা যা পদক্ষেপ নেওয়া দরকার, নিন। ঠগ-জোচ্চরদের কোনো ছাড় নয়।”

উল্লেখ্য, ৬ জুন লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালায় ক্যালিফোর্নিয়া পুলিশ ও মার্কিন ইমিগ্রেশন বিভাগ (আইসিই)। অভিযানের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে অভিবাসনপ্রত্যাশীরা। এ ঘটনার সূত্র ধরে দ্রুত পুরো শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সংঘাত নিয়ন্ত্রণে শনিবার শহরে ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য মোতায়েন করা হয়। সরকারি ভবন রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে তারা। তবু সহিংসতা থামেনি। কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। পুলিশ ও গার্ড সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

এরপর থেকে পুলিশের অভিযান চলছে। এখন পর্যন্ত সহিংসতার অভিযোগে ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ।

সূত্র: রয়টার্স, এনবিসি

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।