ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় যৌথবাহিনীর অভিযানে মাদকসহ এক ‘জুলাই যোদ্ধাকে’ গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে সেলিম রেজা (৩০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি জামালপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের খুরশেদ আলীর ছেলে।
সেনাবাহিনী রাত সাড়ে ১১টার দিকে তাকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করে। থানার ওসি সারোয়ার আলম খান জানান, সেলিম রেজা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২১ বোতল ফেনসিডিল, নগদ ৪২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও ‘জুলাই যোদ্ধা’ পরিচয়পত্র উদ্ধার করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে প্রকাশিত তালিকার ‘সি’ ক্যাটাগরিতে সেলিম রেজার নাম রয়েছে, যেখানে জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ভাতাভোগীর তালিকা অন্তর্ভুক্ত।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, “জুলাই যোদ্ধার প্রভাব খাটিয়ে এলাকায় প্রকাশ্যে মাদকের ব্যবসা করছিল সেলিম। তাকে গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরেছে।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/এন



