ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দ্বিতীয় দিনে ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে ৩ জন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে এবং বাকি ১০ জন অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দুই দিনে মোট ২০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার ৭ জন মনোনয়নপত্র নিয়েছিলেন, যার মধ্যে ভিপি পদে ছিলেন ২ জন। বুধবার ১৩ জন নিয়েছেন, এর মধ্যে ভিপি পদে আছেন ৩ জন। এখন পর্যন্ত ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে দুই দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
অধ্যাপক জসীম উদ্দিন আরও জানান, ডাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ পদের বিষয়ে ছাত্র সংগঠনগুলোর উত্থাপিত আপত্তি গঠনতন্ত্র অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছে, যেখানে কমিশনের হস্তক্ষেপের সুযোগ নেই। এখন পর্যন্ত কোনও প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি।
খবরওয়ালা/টিএসএন



