ঢাকায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর হাজারীবাগে একটি ১০তলা ভবন থেকে পড়ে সালেক খান বাবু (৩৫) নামে ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে। তাকে মারধরের পর ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা সুফিয়া বেগম। এ ঘটনায় তিনি হাজারীবাগ থানায় হত্যা মামলা করেছেন। মামলার পর পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে হাজারীবাগের শংকর-জাফরাবাদ এলাকার ২৭৯/১ নম্বর আলী মঞ্জিল ভবনে ঘটনাটি ঘটে। পরে ভবনের দক্ষিণ পাশে একটি গ্যারেজের টিনের চাল থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মায়ের দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, ওই দিন বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আলী মঞ্জিলের নিরাপত্তাকর্মী বাধনের সঙ্গে বাবুর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে বাধন লোহার অ্যাঙ্গেল দিয়ে বাবুর মাথায় আঘাত করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। বাবুর চিৎকার শুনে ভবনের আরেক নিরাপত্তাকর্মী মিল্টনসহ কয়েকজন সেখানে জড়ো হন। পরে তারা বাবুকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে মিল্টন বাবুকে ভবনের ছাদে নিয়ে যান। কিছুক্ষণ পর তারা নিচে নেমে আসেন। এরপর ভবনের দক্ষিণ পাশে একটি টিনের চালের ওপর বাবুকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধারের সময়ই মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নিহতের মা।

খবর পেয়ে রাতে হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ভবনের দক্ষিণ পাশের একটি প্লটের গ্যারেজের টিনের চাল থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সুফিয়া বেগমের অভিযোগ, তার ছেলেকে প্রথমে ভবনের দ্বিতীয় তলায় নিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে তাকে ভবনের ছাদে নিয়ে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় তিনি মো. মিল্টন (৪২), বাধন চাকমা (৫০) এবং অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করে মামলা করেছেন।

মামলার পর পুলিশ মিল্টন ও বাধনকে গ্রেফতার করেছে। তবে বাবুর মৃত্যুর প্রকৃত কারণ এবং তিনি কীভাবে ভবনের নিচে পড়ে গেলেন, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা চলছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, নিহতের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।