ঢাকায় মেয়েদের সাফে খেলবে না ভারত

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১১ থেকে ২২ জুলাই ঢাকার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। তবে শুরুতে পাঁচ দলের অংশগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত।

সাফ সূত্রে জানা গেছে, ভারতের ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্টে অংশ না নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাফকে জানিয়েছে। তবে কী কারণে তারা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে তা জানা যায়নি। ফলে এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান—এই চারটি দেশ।

ভারতের নাম প্রত্যাহারের ফলে টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। একটি দল পাবে ছয়টি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষ দলকেই ঘোষণা করা হবে চ্যাম্পিয়ন।

ভারতের অনুপস্থিতিতে এবারের আসরে বাংলাদেশের শিরোপা ধরে রাখার সম্ভাবনা বেড়ে গেছে। ২০১৮ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েরা পাঁচ আসরের মধ্যে চারবারই চ্যাম্পিয়ন হয়েছেন। কেবল ২০২২ সালের ফাইনালে ভারতের কাছে হেরেছিলেন তারা।

সাফ অনূর্ধ্ব-১৮/১৯/২০ পর্যায়ের নারী ফুটবলে ভারত বরাবরই শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল। ২০২২ সালে এককভাবে এবং ২০২৪ সালে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে শিরোপা জিতেছিল তারা। তাদের অনুপস্থিতি এবারের আসরে প্রতিযোগিতার মাত্রা কিছুটা হলেও কমিয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবু আয়োজক হিসেবে বাংলাদেশ এখন প্রস্তুতি নিচ্ছে শিরোপা ধরে রাখার লক্ষ্যেই।

 

 

খবরওয়ালা/আরডি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।