অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেন মামলার অভিযোগ গঠন করেন। তবে, আদালতে উপস্থিত না থাকায় সম্রাটের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একইসঙ্গে, আগামী ১৭ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য নতুন তারিখ ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠন শুনানির জন্য এদিন নির্ধারিত ছিল। তবে সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা সময় বাড়ানোর আবেদন করেছিলেন, যা আদালত নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন।
সম্রাটের বিরুদ্ধে দুদক অভিযোগ করেছে, তিনি দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ২০১৯ সালের ১২ নভেম্বর এই মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। পরবর্তীতে ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র্যাব সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে। পরে, সম্রাটের কাকরাইল অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল এবং বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।
বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরদিন ৭ অক্টোবর র্যাব-১-এর ডিএডি আব্দুল খালেক রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে, ২০২০ সালের ৬ নভেম্বর অস্ত্র মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। একই বছরের ৯ ডিসেম্বর মাদক মামলায়ও সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
এছাড়া, ১২ অক্টোবর রমনা থানায় সিআইডি অর্থ পাচার প্রতিরোধ আইনে সম্রাটের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন।
খবরওয়ালা/আরডি



