দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা প্রস্তাব, জুলাই সনদের খসড়া চূড়ান্ত

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে। প্রস্তাবে বাংলাদেশে দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে নিম্নকক্ষের নাম হবে জাতীয় সংসদ এবং উচ্চকক্ষের নাম সিনেট।

শনিবার (১৬ আগস্ট) রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো খসড়া প্রস্তাব থেকে এ তথ্য জানা গেছে।

খসড়ায় বলা হয়, উচ্চকক্ষ ১০০ সদস্য নিয়ে গঠিত হবে। নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ওই ১০০ জন সদস্য নির্বাচিত হবেন। রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে উচ্চকক্ষের প্রার্থী তালিকাও প্রকাশ করবে। এ তালিকায় অন্তত ১০ শতাংশ নারী প্রার্থী থাকতে হবে।

উচ্চকক্ষের মেয়াদ হবে পাঁচ বছর। তবে নিম্নকক্ষ ভেঙে গেলে উচ্চকক্ষও স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।

খসড়ায় উচ্চকক্ষের ভূমিকা নির্ধারণ করে বলা হয়েছে, তারা নিম্নকক্ষে পাস হওয়া আইনগুলো পর্যালোচনা করবে। উচ্চকক্ষের আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না, তবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রস্তাব করতে পারবে। অর্থবিল ও আস্থা ভোট ছাড়া সব বিল উচ্চকক্ষে উপস্থাপিত হবে। কোনো বিল সর্বোচ্চ দুই মাস পর্যন্ত আটকে রাখতে পারবে, এরপর তা অনুমোদিত বলে গণ্য হবে।

সংবিধান সংশোধনের ক্ষেত্রেও উচ্চকক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বাধ্যতামূলক করা হয়েছে। খসড়ায় বলা হয়েছে, উচ্চকক্ষের সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা নিম্নকক্ষের সদস্যদের মতোই হবে।
খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।