নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাড়ির একটি খড়ের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়ির প্রাচীরসংলগ্ন একটি খড় ও খড়ি রাখার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মূল বাড়ির কোনো ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে সাদ্দামের বাড়ির অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ভিডিও বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজে শেয়ার করে ‘সন্ত্রাসীরা আবারও আগুন দিয়েছে’ বলা হয়েছে। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা কোনোভাবে জীবন রক্ষা পেয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ির প্রাচীরসংলগ্ন একটি খড় ও খড়ি রাখার ঘরে অগ্নিকাণ্ডের খবর শুনে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাদ্দাম হোসেনের মা আনোয়ারা বেগম বলেন, ‘রাত তখন প্রায় ১টা ২০ মিনিটে আমরা ঘুমিয়ে ছিলাম। আমাদের এক ভাতিজা আগুন আগুন করে পাশের বাড়ি থেকে চিৎকার–চেঁচামেচি করছিল। পরে উঠে দেখি আমাদের বাইরের উঠানে থাকা খড়ের ঘরটিতে আগুন জ্বলছে। কীভাবে আগুন লেগেছে জানি না। এখানে তো আগুন লাগার মতো না, মনে হচ্ছে মানুষে আগুন লাগিয়ে দিয়েছে। তবে ওই সময় পাশের রাস্তা দিয়ে একটা দ্রুতগতির মোটরসাইকেলে অপরিচিত দুজন ব্যক্তি নাকি যেতে যেতে গ্রামের লোকজনকে বলছিল “সাদ্দামের বাড়িতে আগুন লাগছে, তোমরা যাও”।’

আনোয়ারা বেগম জানান, ওই ঘরে ১০ বিঘা জমির ধানের খড় রাখা হয়েছিল। সেই সঙ্গে সেখানে কিছু লাকড়ি ছিল। আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনী আর ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে।

বোদা উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. রায়হান ইসলাম বলেন, ‘রাত দেড়টার দিকে আমরা ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলি। সাদ্দাম হোসেনের বাড়ির বাইরের উঠানের ওই খড় ও লাকড়ি রাখা ঘরটি ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।’

সাদ্দাম হোসেনদের বাড়ি বোদা পৌরসভায় হলেও সেখানে পুলিশি কার্যক্রম চলে আটোয়ারী থানা থেকে। ঘটনার বিষয়ে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সরকার বলেন, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের গ্রামের বাড়িতে রাতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই এলাকাটি বোদা থানার কাছাকাছি হওয়ায় সেখান থেকে পুলিশ গিয়েছিল। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

খবরওয়ালা/এমবি

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।