নেইমারকে বিশ্বকাপে দেখতে চান না ব্রাজিলের ৪১ শতাংশ মানুষ

২০২৬ বিশ্বকাপ শুরু হতে এখনো এক বছরের মতো সময় বাকি। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত হতে যাওয়া এই আসর ঘিরে দলগুলোর প্রস্তুতির হাওয়া বইছে। নানা নাটকীয়তা শেষে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ইতালিয়ান অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি।

আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন চোটে জর্জরিত নেইমার। প্রথম দল ঘোষণায় ফিটনেস সমস্যার কারণে তাঁকে না রাখলেও, সম্প্রতি নেইমারকে প্রস্তুতির পরামর্শ দিয়েছেন এই অভিজ্ঞ কোচ।

তবে আনচেলত্তির ইচ্ছা থাকলেও, ব্রাজিলের একটি বড় অংশের জনগণ বিশ্বকাপে নেইমারকে দেখতে চান না। জনমত জরিপকারী প্রতিষ্ঠান ‘ডাটাফোলা’র এক সমীক্ষায় উঠে এসেছে, ৪১ শতাংশ ব্রাজিলিয়ান নাগরিক চান না নেইমার জাতীয় দলে থাকুন।

অন্যদিকে, ৪৮ শতাংশ উত্তরদাতা তাঁকে বিশ্বকাপে দলে চান। জরিপ অনুযায়ী, ৭ শতাংশ বলেছেন, তাঁরা বিষয়টি গুরুত্ব দেন না এবং ৩ শতাংশ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে পারেননি।

জরিপে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ষাটোর্ধ্ব নাগরিকদের মধ্যে নেইমারের বিরোধিতা আরও বেশি। এ বয়সীদের মধ্যে ৫৩ শতাংশ নেইমারকে দলে না রাখার পক্ষে মত দিয়েছেন, বিপক্ষে রয়েছেন ৩৫ শতাংশ। ধারণা করা হচ্ছে, নেইমারের চোটের ইতিহাস, মাঠের বাইরের আচরণ ও সাম্প্রতিক পারফরম্যান্সই বয়স্কদের অবস্থানে প্রভাব ফেলেছে।

এই জরিপে অংশ নেন ১৬ বছর বা তদূর্ধ্ব বয়সী ২,০০৪ জন ব্রাজিলিয়ান। তাঁদের বাছাই করা হয় দেশের বিভিন্ন অঞ্চলের ১৩৬টি শহর থেকে। জরিপটি পরিচালিত হয় ১০ ও ১১ জুন।

এদিকে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল নিজেদের পরবর্তী দুটি ম্যাচ খেলবে সেপ্টেম্বরে—একটি ঘরের মাঠে চিলির বিপক্ষে, অপরটি বলিভিয়ার মাঠে। এ দুটি ম্যাচ দিয়েই নেইমারের প্রত্যাবর্তন হয় কি না, সেদিকেই নজর সবার।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।