পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ভিটাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝন্টু (৪৮)কে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
স্থানীয়সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার রুবেল (৩৫) নামে এক যুবক ঝন্টুকে হত্যা করেছেন। নিহত রেজাউল করিম ঝন্টু ভিটাবাড়িয়া গ্রামের আইয়ুব আলী খলিফার ছেলে এবং স্থানীয় একজন প্রবাসীর ম্যানেজার হিসেবেও কাজ করতেন। অপরদিকে, অভিযুক্ত রুবেল মজিবুর রহমান খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারকেল ও অন্যান্য সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ঝন্টু ও রুবেলের মধ্যে শত্রুতা চলে আসছিল। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কথাকাটাকাটির একপর্যায়ে রুবেল ঝন্টুর বুকে আঘাত করলে তিনি পাশের ডোবায় পড়ে যান। এরপর রুবেল ধারালো অস্ত্র দিয়ে ঝন্টুকে উপর্যুপরি কোপ দেয়, যা গুরুতর আঘাতের কারণ হয়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঝন্টুকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, এলাকায় রুবেল বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এবং ঝন্টু বারবার তাকে বাধা দিয়েছিলেন। এ নিয়ে রুবেল আগেও ঝন্টুকে ভয়ভীতি দেখানোর হুমকি দিয়ে আসছিল।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খাইরুল বাশার জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগেই ঝন্টুর মৃত্যু ঘটে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার পর থেকে রুবেল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খবরওয়ালা/শরিফ



