পুলিশের মোবাইল-টাকা ছিনতাই, র‍্যাবের হাতে গ্রেপ্তার

রাজশাহীতে পুলিশের প্রাইভেটকার থামিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জীবন ইসলাম (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ললিতাহার এলাকায় অভিযান চালিয়ে তাকে  গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর একটি দল।

জীবনের বাড়ি রাজশাহী নগরীর শাহমখদুম থানার খিরশিন টিকর বাগানপাড়া এলাকায়। তার বাবার নাম দিরাজ আলী।

শুক্রবার (২৩ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

শাহ মখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন জানান, গত ১৩ মে সিটিহাট এলাকা দিয়ে প্রাইভেটকারে যাচ্ছিলেন মতিহার থানায় কর্মরত একজন পুলিশ সদস্য। গাড়িতে তার মামা, ভাগ্নে ও মামাতো বোনও ছিলেন। সিটিহাট এলাকায় জীবনসহ কয়েকজন সিগন্যাল দিয়ে গাড়িটি থামায়। এরপর গাড়িতে মেয়ে দেখে তাদের হেনস্থার চেষ্টা করেন।

তিনি জানান, ভুক্তভোগী পুলিশ সদস্য পরিচয় দিলে তারা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। গাড়িতে থাকা মেয়েটিকে শ্লীলতাহানি করা হয়। এরপর একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন তারা। এ সময় ৫০ হাজার টাকা চাঁদাও দাবি করা হয়। পরে মানিব্যাগে থাকা দুই হাজার টাকা কেড়ে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় শাহ মখদুম থানায় ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

ওসি বলেন, মামলার পরই সজিব নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। সজিবকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি জীবন ও রাকিব নামের আরেকজনের নাম জানান। এর মধ্যে জীবনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক রাকিবকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।