কোনো সমাধান ছাড়াই আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বৈঠক শেষ হয়েছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) আবারও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন সরকারের প্রতিনিধিরা।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর রেলভবনে এ বৈঠক শুরু হয়ে প্রায় এক ঘণ্টা ধরে চলে। বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৈঠক শেষে ফাওজুল কবির জানান, সমস্যা সমাধানে গঠিত সাত সদস্যের কমিটির পাঁচজন সদস্য বৈঠকে অনুপস্থিত ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার পুরো কমিটি নিয়ে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “উদ্ভূত পরিস্থিতি সমাধানে শুধু শিক্ষার্থীদের সঙ্গে নয়, অংশীজন শিক্ষক এবং অন্যান্য প্রকৌশলীদের সঙ্গেও আলোচনা হবে।”
শিক্ষার্থীদের যমুনা অভিমুখে পদযাত্রা প্রসঙ্গে ফাওজুল কবির বলেন, “কথায় কথায় যমুনার দিকে যাত্রা অনভিপ্রেত। শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত, এ ব্যাপারে পুলিশের প্রতিনিধি ক্ষমা চাইবে।”
বৈঠকে উপস্থিত শিক্ষার্থী প্রতিনিধিরা জানিয়েছেন, বৈঠকের সার্বিক বিষয় আন্দোলনরত সহপাঠীদের সঙ্গে আলোচনার পর বিস্তারিত জানানো হবে।
প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
- প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।
- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিসহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করে কমিটি অবিলম্বে সংস্কার করতে হবে।
- অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিসহ প্রকৌশল আন্দোলনের স্টেকহোল্ডারদের নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত তিন দফা দাবি দ্রুত মেনে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এ মর্মে সংশ্লিষ্ট তিন উপদেষ্টা—মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান ও সৈয়দা রিজওয়ানা হাসানকে আজ এসে নিশ্চয়তা প্রদান করতে হবে।
- হামলায় আহত সব শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোনো হামলা চালানো যাবে না।
- শিক্ষার্থী রোকনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে।
- শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে হামলার জন্য ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে।
সরকারের সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকে শিক্ষার্থীদের দাবিগুলোতে কোনো অগ্রগতি হয় কিনা, সেটিই এখন সবার নজরে।
খবরওয়ালা/এন



