প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক কমিশনের প্রতিবেদন, সুপারিশ বাস্তবায়নের নির্দেশ

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। নারী সমাজে বৈষম্য দূর করার জন্য কমিশনের যে সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য, সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণকালে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, ‘যে সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য, সেগুলো যেন আমাদের মাধ্যমে দ্রুত বাস্তবায়িত হয়, যাতে আমরা এই কাজের মাধ্যমে বিশ্বে অন্য দেশগুলোর জন্য উদাহরণ সৃষ্টি করতে পারি। পৃথিবীর নারী সমাজ তাকিয়ে রয়েছে, তারা এটি পর্যালোচনা করবে এবং অনুপ্রাণিত হবে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এটা শুধু নারীদের বিষয় নয়, এটি সার্বিক একটি বিষয়। এই প্রতিবেদনটি ছাপিয়ে, বিলি করা হবে এবং পাঠ্যবইয়ের মতো একটি বই আকারে প্রকাশ করা হবে। এটি শুধু অফিসে রাখার জন্য নয়, জনগণের কাছে উন্মুক্ত করতে হবে।’

2Q== প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক কমিশনের প্রতিবেদন, সুপারিশ বাস্তবায়নের নির্দেশ
নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: ফেসবুক থেকে

তিনি জানান, নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে নিয়ে যাওয়া হবে।

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক বলেন, ‘জুলাই মাসে যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণে আমরা এমন কিছু করতে চেয়েছি যা মানুষের জন্য কল্যাণকর এবং সমাজের উপকারে আসবে।’

তিনি জানান, কমিশন তাদের প্রস্তাবগুলো তিনটি ভাগে বিভক্ত করেছে—কিছু প্রস্তাব বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারবে, কিছু পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে এবং কিছু নারী আন্দোলনের আশা-আকাঙ্ক্ষা আলাদা করে তুলে ধরা হয়েছে। কমিশন ১৫টি বিষয় নিয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছে।

প্রতিবেদন হস্তান্তরের সময় শিরীন পারভিন হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সাবেক সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা এবং শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।