‘প্রিয় বন্ধু’ মোদির সঙ্গে বৈঠকের অপেক্ষায় পুতিন

চলতি বছরের শেষের দিকে ভারত সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েক মাস ধরে এ নিয়ে আলোচনা চললেও এবার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সোচিতে রুশ থিংক ট্যাংক ভলদাই ডিসকাশন ক্লাব-এর বার্ষিক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে পুতিন বলেন, ‘আমি ডিসেম্বরের শুরুতে নয়াদিল্লি সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আমার প্রিয় বন্ধু, আমাদের বিশ্বস্ত অংশীদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি।’

তিনি জানান, ভারতের সঙ্গে বাড়তে থাকা বাণিজ্য ঘাটতি সমাধানে মস্কো উদ্যোগ নিতে চায় এবং এজন্য কৌশল প্রণয়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

একই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে পুতিন তাকে ‘ভারসাম্যপূর্ণ ও জ্ঞানী নেতা’ হিসেবে অভিহিত করেন। তিনি জোর দিয়ে বলেন, মস্কো ও নয়াদিল্লির মধ্যে বিশেষ সম্পর্ক বিদ্যমান।

ভারতের সঙ্গে রাশিয়ার অপরিশোধিত তেল বাণিজ্যের প্রসঙ্গ টেনে পুতিন বলেন, ‘এটি সম্পূর্ণ অর্থনৈতিক বিষয়, এর কোনো রাজনৈতিক দিক নেই। ভারত যদি আমাদের জ্বালানি সরবরাহ প্রত্যাখ্যান করে, তবে তারা নিশ্চিতভাবেই ক্ষতির মুখে পড়বে। অনুমান ভিন্ন হলেও এটি প্রায় ৯-১০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হতে পারে।’

ভারতীয়দের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, ‘ভারতের মতো একটি দেশের জনগণ নেতৃত্বের নেওয়া সিদ্ধান্তগুলো সতর্কভাবে পর্যবেক্ষণ করে। ভারতীয় জনগণ কখনো কোনো অপমান সহ্য করবে না। আর আমি প্রধানমন্ত্রী মোদিকে যতটা জানি, তিনি এ ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।