প্রেমের টানে আসা তরুণী প্রতারিত হয়ে ভারতে ফিরলেন শূন্য হাতে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রেমের টানে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে প্রতারিত হয়েছেন ভারতের জলপাইগুড়ির এক তরুণী। প্রশাসনের হস্তক্ষেপে সাত দিন পর এক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বুড়িমারী স্থলবন্দরে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ওই তরুণীকে তার দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, প্রায় দেড় বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লালমনিরহাটের পাটগ্রাম থানাপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে রবির (২৫) সঙ্গে ভারতের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার করাইবাড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া মনির (ডাক নাম রিংকি) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রিয়া মনি ময়নাগুড়ি কলেজের বিএ অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

গত ৬ সেপ্টেম্বর প্রেমিক রবি ও স্থানীয় দালালদের সহযোগিতায় রিয়া মনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। কিন্তু বাংলাদেশে আসার পর রবি তাকে বিয়ে করতে রাজি হননি। এতে রিয়া বিপদে পড়েন এবং পরে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।

রিয়া মনি অভিযোগ করে বলেন, “দেড় বছর প্রেমের সম্পর্ক থাকার পর রবি আমাকে বাংলাদেশে আসতে বলে। কিন্তু এখানে আসার পর সে আমাকে বিয়ে করতে অস্বীকার করে। আমি মনে করি, প্রেমের ফাঁদে ফেলে আমাকে পাচার করার উদ্দেশ্যেই বাংলাদেশে আনা হয়েছিল। আমি এর উপযুক্ত বিচার চাই।”

এ বিষয়ে পাটগ্রাম থানার উপপরিদর্শক শাহাজাহান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় তরুণীকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।