খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’ বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে চলচ্চিত্রটি। এবার এটি বাংলাদেশে প্রদর্শিত হতে যাচ্ছে।
আগামীকাল শনিবার বিকেল ৫টায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাস অডিটরিয়ামে প্রদর্শিত হবে ছবিটি।
চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, কক্সবাজারের বৃহত্তম শরণার্থীশিবিরে ঘুরে আইসক্রিম বিক্রি করে দুই ভাইবোন, যাদের একমাত্র লক্ষ্য মিয়ানমারে বন্দী বাবার মুক্তির জন্য ঘুষের টাকা জোগাড় করা।
শিশুদের চোখে যুদ্ধ, বাস্তুচ্যুতি ও মানবিক বিপর্যয়ের করুণ চিত্র ফুটিয়ে তোলা এই ফিল্মটি আমেরিকার সিয়াটলে তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অডিয়েন্স চয়েস বেস্ট ফিচার ডকুমেন্টারি ফিল্ম অ্যাওয়ার্ডসহ কানাডার মন্ট্রিয়ল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ডকুমেন্টারি ফিল্ম অ্যাওয়ার্ডসহ আরও বেশ কিছু আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
বাংলাদেশ প্রিমিয়ারের আয়োজন করছে ইউল্যাবের ফিল্ম অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম সিনেমাস্কোপ। প্রদর্শনী শেষে থাকবে পরিচালক সোহেল রহমানের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব।
খবরওয়ালা/টিএসএন