বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট মূল্য ঘোষণা, পাওয়া যাবে অনলাইনে

আগামী ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা। সিঙ্গাপুর ম্যাচের মতো হংকং ম্যাচের টিকিটও অনলাইনে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এবার টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ‘কুইকেট’ নামে একটি প্রতিষ্ঠান। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। আগের মতো এবারও একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচটি টিকিট কিনতে পারবেন।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট সংগ্রহ করতে গিয়ে দর্শকদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছিল। দায়িত্ব পাওয়া ‘টিকিফাই’ প্রতিষ্ঠানটির সার্ভার সমস্যার কারণে দর্শকরা টিকিট কাটতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। তবে এবার একই ধরনের সমস্যা দেখা দিলে টিকিট বিক্রির প্রতিষ্ঠান বাফুফেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে। চুক্তিতে এ শর্তই রাখা হয়েছে বলে গতকাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। তিনি বলেন, ‘সাতটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। এর মধ্যে সর্বনিম্ন দর ও মানের বিবেচনায় কুইকেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা একসঙ্গে এক লাখ লগইন গ্রহণ করতে পারবে। টিকিটিং কার্যক্রম কোনো কারণে বাধাগ্রস্ত হলে তারা বাফুফেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করবে। বাফুফের ফেসবুক পেজে নির্ধারিত সময়ের আগেই টিকিট সংগ্রহের নির্দেশনা প্রকাশ করা হবে।’

১০ জুন সিঙ্গাপুর ম্যাচে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পুরো দায়িত্ব ইভেন্ট পার্টনারকে দিয়েছে বাফুফে। তারা জাতীয় ক্রীড়া পরিষদ, পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করবে যেন ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন হয়। বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচের মতো সেনাবাহিনীর সহায়তাও হংকং ও ভারতের ম্যাচে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এছাড়া এবার বাফুফে স্পন্সরের সঙ্গেও যুক্ত হচ্ছে বলে জানান তাজওয়ার। তিনি বলেন, ‘গতবার ভুল ছিল না, তবে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি। এবার ফেডারেশন, ইভেন্ট পার্টনার ও স্পন্সরের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হবে। স্পন্সর যে-ই হোক, এর অংশ বাফুফে পাবে। তবে কত শতাংশ তা প্রকাশ করা হবে না।’

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।