চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিচ মিয়ার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।
ভিডিওটিতে ইদ্রিস মিয়াকে বলতে শোনা যায়, ‘ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে। হয় বিএনপির কথা শুনবে, না হয় এখান থেকে ইউএনওগিরি-ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। তাদের আর সুযোগ দেওয়া যাবে না, অনেক সুযোগ দিয়েছি। এখন আর সুযোগ দেওয়ার সময় নেই। এখন আমাদের দাবি আমাদের আদায় করে নিতে হবে।’
ভিডিওতে তার পেছনে ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠানের একটি ব্যানার দেখা যায়, যেখানে লেখা রয়েছে ‘সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি’।
দলীয় সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার (১১ জুন) বিকেলে সাতকানিয়া উপজেলা বিএনপির বিভিন্ন সাংগঠনিক ইউনিটের যৌথ উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইদ্রিস মিয়া।
তবে এ বিষয়ে জানতে চাইলে ইদ্রিচ মিয়া দাবি করেন, ‘আমি ইউএনও বা ওসিকে নিয়ে এ ধরনের কোনো বক্তব্য দেইনি। ভিডিওটি এডিট করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই ছড়ানো হয়েছে।’
উল্লেখ্য, চলতি বছরের ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যেখানে ইদ্রিস মিয়াকে আহ্বায়ক করা হয়। এরপর ৬ মে ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এর আগে তিনি একই জেলার বিএনপির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
বক্তব্যটি ঘিরে সামাজিক ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই বিষয়টিকে প্রশাসনের প্রতি হুমকিরূপে দেখছেন, অন্যদিকে দলীয় নেতার দাবি, এটি উদ্দেশ্যমূলক অপপ্রচার।
খবরওয়ালা/আরডি



