নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে প্রবাসফেরত এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২০০ গ্রাম স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। অভিযোগে নাম আসা ব্যক্তিরা বিমানবন্দর থানা বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের পদধারী নেতা।
এই সিন্ডিকেট চালানোর পিছনে বিমানবন্দর থানা সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি রউফ, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন হোসাইন, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্ত এবং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রুবেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।
শুক্রবার (২৯ আগস্ট) এক আইন-শৃঙ্খলা বাহিনীর এক গোপন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বিমানবন্দরের সামনে বিদেশফেরত ওই ব্যক্তির কাছ থেকে প্রায় ২০০ গ্রাম স্বর্ণ নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় মো: সুমন নামে এক প্রবাসী বিমানবন্দর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশ থেকে দেশে ফেরার পর ওই ব্যক্তির কাছ থেকে স্বর্ণগুলো নিয়ে যান অভিযুক্তরা। তবে ঘটনার শিকার ব্যক্তির পরিচয়, স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এবং এ ঘটনায় তিনি থানায় কোনো অভিযোগ বা মামলা করেছেন কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য উল্লেখ নেই।
বিমানবন্দর এলাকায় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় একাধিক ভুক্তভোগী। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন, এলাকায় রাজনৈতিক পরিচয়ধারী কিছু ব্যক্তি প্রভাব বিস্তার করে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করছেন এবং ছিনতাই-চাঁদাবাজির ঘটনা বেড়ে গেছে।
তাদের অভিযোগ, বিমানবন্দরে আসা-যাওয়া করা প্রবাসী ও সাধারণ যাত্রীদের একটি অংশ এসব কর্মকাণ্ডের শিকার হচ্ছেন। রাজনৈতিক পরিচয় ও স্থানীয় প্রভাবের কারণে অনেকে অভিযোগ করতেও ভয় পান বলে দাবি করেন তারা।
তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে নাম আসা বিএনপি ও ছাত্রদলের নেতাদের বক্তব্যও পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ ঘটনায় মামলা, তদন্ত বা কাউকে আটকের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং ঘটনার সঙ্গে অভিযুক্তদের সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।


