ভাতা কার্ডের নামে চাঁদাবাজি: জামায়াত কর্মী আটক

বগুড়া সদরের হিন্দু পল্লীতে গিয়ে বয়স্ক ভাতার কার্ড তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতি ৫০০ টাকা নেওয়া এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার ওয়াদা নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম মোঃ মোকসেদ আলী। তাঁর বাড়ি বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের ইসলামপুর হরিগাড়ী উত্তর পাড়ায়।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয় কিছু মানুষ তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ করলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। পরে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, কয়েকদিন আগে জামায়াত কর্মী মোকসেদ বেলাইল হিন্দু পল্লীতে গিয়ে বয়স্ক ও বিধবা নারীদের সরকারি ভাতা করে দেওয়ার কথা বলে তাঁদের ছবি ও ভোটার আইডি সংগ্রহ করে। অনলাইন কাজের জন্য তিনি প্রতিজনের কাছ থেকে ৫০০ টাকা নেন।

টাকা নেওয়ার সময় হিন্দু পল্লীর ভোটারদের জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্যও তাঁকে প্রলুব্ধ করতে দেখা যায়।

ঘটনা জানাজানি হলে শনিবার দুপুর ১২টার দিকে মোকসেদ তাঁর এক মুরুব্বিকে নিয়ে আবার ওই এলাকায় যায়। এ সময় মানুষ তাঁকে ঘিরে ধরলে তিনি কিছু অনলাইন আবেদনপত্রের কপি ফেরত দেন।

এ ঘটনার পর হৈচৈ সৃষ্টি হলে অনেকে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ঘটনা সম্পর্কে জানতে বগুড়া সদর থানার ওসিকে বারবার ফোন করা হলেও তিনি সাংবাদিকদের কল রিসিভ করেননি। পরে পুলিশের মিডিয়া প্রধান জানান, মোকসেদকে আটক করা হয়েছে এবং তাঁকে টাউট হিসেবে উল্লেখ করেন।

এদিকে ঘটনার পর থেকেই একদল লোক মোকসেদকে থানার হেফাজত থেকে ছাড়িয়ে নেওয়া ও ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।

অন্যদিকে, আটক মোকসেদ জামায়াতের কেউ নয় বলে দাবি করেছেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি আ: মালেক।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।