ভূতের গলিতে বিএনপি কর্মীকে কোপানোর ভিডিও ভাইরাল, মামলা দায়ের

রাজধানীর সেন্ট্রাল রোডের ভূতের গলিতে বিএনপি কর্মী সাইফ হোসেন মুন্নাকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)–এ চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে গত রবিবার (১৮ মে) রাতে। আহত সাইফ হোসেন মুন্না কলাবাগান ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী। ঘটনার পরদিন সোমবার (১৯ মে) রাতে মুন্নার বোন জামিলা কবির লাবনী বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে পথচারী ও যানবাহনের উপস্থিতির মাঝেই তিনজন ব্যক্তি ধারালো অস্ত্র হাতে এক যুবককে বারবার কুপিয়ে আহত করছে। হামলার পর হামলাকারীদের একজন মোটরসাইকেল চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক বলেন, ‘ঘটনাটি সেন্ট্রাল রোডে ঘটেছে। মুন্না বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং স্থানীয় নেতা মাইনুল হোসেনের ঘনিষ্ঠ। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরেই এ হামলা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও জানান, মামলায় এমসি শুভ, মামুন, রানা, শামীম ও মোবারকের নাম উল্লেখ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলায় বাদী লাবনী পূর্ব শত্রুতার জেরে সাইফ হোসেন মুন্নার ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।